প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৫:২৯ পি.এম
বিআরটিএ কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড
ঢাকার মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে তিন দালালকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের মধ্যে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেল, মিরপুর-১৩ কার্যালয়ে এ অভিযান চালানো হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
অভিযানে বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেলের ক্যাম্পাস থেকে তিনজন দালালকে আটক করা হয়। পরে তাদের মধ্যে মো. মিলনকে এক মাস এবং মো. রাজীবকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্য একজনকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, এই প্রতারক চক্রটি বিআরটিএতে আগত সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত বলে আমাদের কাছে অসংখ্য অভিযোগ ছিল।
তিনি বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে আমাদের এই অভিযান নিয়মিত চলমান আছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
Copyright © 2026 সময়ের সাথে টিভি. All rights reserved.